|

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। এর উত্তরে বরিশাল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা এবং পশ্চিমে বরগুনা জেলা অবস্থিত। মেঘনা নদীর পলল ভূমি এবং ছোট ছোট চরাঞ্চল নিয়ে পটুয়াখালী গঠিত। সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে আছে একই স্থানে দাঁড়িয়ে সূযোর্দয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার অপূর্ব সুযোগ, যা বিশ্বে বিরল। তাই দেশ-বিদেশের হাজারো পর্যটকের কাছে কুয়াকাটা অনন্য এক দর্শনীয় স্থান। বাঙালী সংস্কৃতির পাশাপাশি উপজাতীয় রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য এ জেলাকে করেছে আরো বেশী সমৃদ্ধ। বিরূপ প্রাকৃতিক পরিবর্তন জনিত কারণ এবং সমুদ্র এলাকার কাছাকাছি অবস্থিত হওয়ায় এ অঞ্চল ঘন ঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের শিকার হয়। তবে এসব দূর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সব সময়, পাশে থেকে আন্তরিক সেবায় জয় করেছে দুর্গত মানুষের হৃদয়। বর্তমান গণতান্ত্রিক সরকারের রূপকল্প-২০২১ এর লক্ষ্য অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য জেলা প্রশাসন এ ওয়েবসাইট খোলার উদ্যোগ নিয়েছে। জেলার অধিবাসীসহ দেশ-বিদেশের হাজারো মানুষ এ উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে বলে আমরা আশা করছি। |
|